প্রকাশ : ... | ... | ...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা পড়েছেন পর্যটকেরা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্রে যাতায়াতের প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়। খাগড়াছড়ি মাহিন্দ্রা মালিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি টুন্টু মনি চাকমা জানান, পর্যটনের ভরা মৌসুমে প্রতিদিন গড়ে ৩০টি মাহিন্দ্রা ও জিপে প্রায় আড়াই হাজার পর্যটক সাজেকে যাতায়াত করেন। রোববার সকালে খাগড়াছড়ি শহর থেকে সাজেকের উদ্দেশে রওনা দেওয়া অনেক পর্যটক অবরোধের কারণে বাঘাইহাটের পর আর এগোতে পারেননি। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় বেলা ২টার দিকে পর্যটকদের সাজেকে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এদিকে, সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, অবরোধের খবর পেয়ে আগের দিন কিছু পর্যটক সাজেক ছেড়ে গেলেও নতুন পর্যটকেরাও সেখানে এসেছেন। সব মিলিয়ে বর্তমানে সাজেকে প্রায় তিন হাজার পর্যটক অবস্থান করছেন। সকালে পর্যটকদের নিয়ে কোনো গাড়ি খাগড়াছড়ির উদ্দেশে সাজেক ছাড়েনি। বেলা ২টায় তাঁদের নিয়ে গাড়ি ছাড়ার কথা রয়েছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, সকাল ৬টা থেকে পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলছে। তবে বিভিন্ন স্থানে পিকেটিংয়ের সময় তাঁদের বাধার মুখে পড়তে হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অবরোধের কারণে সাজেকে কোনো যানবাহন চলাচল করছে না। পর্যটকবাহী গাড়িগুলো নিরাপত্তা বাহিনীর পাহারায় বেলা ২টায় সাজেক থেকে বের হবে। একই সময়ে বাঘাইহাট থেকে সাজেকের উদ্দেশে গাড়ি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।