প্রকাশ : ... | ... | ...

‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ওই সফর নিয়মিত কার্যক্রমের অংশ। মঙ্গলবার সকালে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে জুলাই স্মৃতি জাদুঘর নিয়েও সরকারের নতুন উদ্যোগের কথা জানান তথ্য উপদেষ্টা। তিনি বলেন, স্কুল শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে সপ্তাহে এক দিন করে জাদুঘরটি পরিদর্শনে নেওয়া হবে। এর উদ্দেশ্য শিক্ষার্থীদের জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য সম্পর্কে জানানো। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের আগে এটি নিয়ে নানা ধরনের আলোচনা ও সংশয় তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন জাহেদ উর রহমান। তবে শেষ পর্যন্ত সেসব আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে এবং জাদুঘরটি চালু হয়েছে বলে জানান তিনি। উদ্বোধনের পর জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তথ্য উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, এর প্রধান কারণ ছিল দর্শনার্থীদের অতিরিক্ত চাপ। জাদুঘরটি নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ থাকায় উদ্বোধনের পর বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করেন। এতে ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান তিনি। তার বক্তব্য অনুযায়ী, জাদুঘরের ব্যবস্থাপনা এখন অনেকটাই গুছিয়ে আনা হয়েছে। সরকারি উদ্যোগে শিক্ষার্থীদের নিয়মিত পরিদর্শনের ব্যবস্থা চালুর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা জাদুঘর পরিদর্শনের মাধ্যমে আন্দোলনের ইতিহাস ও মানুষের আত্মত্যাগ সম্পর্কে জানার সুযোগ পাবে বলে জানান তথ্য উপদেষ্টা।