প্রকাশ : ... | ... | ...

প্রবাসী স্বামীকে তালাক না দিয়েই আরেকজনকে বিয়ে করলেন ৪ সন্তানের মা, প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে ইতালিপ্রবাসী জাকির হোসেনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় অন্য এক ব্যক্তিকে বিয়ে করার কথা স্বীকার করেছেন তার স্ত্রী। তবে স্বর্ণালংকারসহ প্রায় তিন কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, তা অস্বীকার করেছেন তিনি। এ ঘটনায় বুধবার (২৬ আগস্ট) দুপুরে রায়পুর থানায় লিখিত অভিযোগ করেছেন জাকিরের বোন মারুফা বেগম। জাকির হোসেন রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর এলাকার আলী হায়দারের ছেলে। অভিযুক্ত নারী একই উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা। তাদের সংসারে চার সন্তান রয়েছে। অভিযোগের বিষয়ে ওই নারী বলেন, ‘জাকির আমাকে ইতালিতে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। এজন্য অন্য একজনকে বিয়ে করেছি। আমি কোনো টাকা আত্মসাৎ করিনি।’ জাকিরকে তালাক না দিয়েই অন্য ব্যক্তিকে বিয়ে করার বিষয়টি তিনি স্বীকার করেছেন। জাকিরের পরিবারের অভিযোগ, ওই নারী রায়পুরের বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার বাসিন্দা সৌরভ হোসেন চুট্টুকে বিয়ে করেছেন। মারুফা বেগম দাবি করেছেন, তার ভাইয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ না করেই এই বিয়ে হয়েছে। প্রায় ২২ বছর আগে পারিবারিকভাবে জাকির ও ওই নারীর বিয়ে হয়। ২০০৯ সালে স্ত্রীকে ইতালিতে নিয়ে যান জাকির। অভিযোগ ও পুলিশ সূত্রের ভাষ্য অনুযায়ী, ইতালিতে থাকার সময় মোবাইল ফোনের মাধ্যমে দেশে একাধিক যুবকের সঙ্গে ওই নারীর পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য অশান্তি সৃষ্টি হয়। এরপর প্রায় দুই মাস আগে বাবার অসুস্থতার কথা জানিয়ে দুই সন্তানকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন ওই নারী। অভিযোগ অনুযায়ী, দেশে আসার পর তিনি জাকিরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরবর্তী সময়ে সৌরভ হোসেন চুট্টুকে বিয়ে করেন বলে অভিযোগ করা হয়েছে। মারুফা বেগমের আরও অভিযোগ, তার ভাইয়ের স্বর্ণালংকারসহ প্রায় তিন কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নারীর পরিবারের সদস্যরাও জড়িত বলে দাবি করেছেন তিনি। তবে এসব অভিযোগ এখনো তদন্তাধীন এবং অভিযুক্ত নারী অর্থ আত্মসাতের দাবি অস্বীকার করেছেন। মারুফা বেগমের ভাষ্য, ঘটনার কারণে জাকিরের দুই মেয়ে ও দুই ছেলে অসহায় অবস্থায় পড়েছে। তার প্রবাসী ভাইও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।