প্রকাশ : ... | ... | ...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ধরা পড়লেই স্বয়ংক্রিয় জরিমানা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপের ব্যবস্থা চালু করেছে হাইওয়ে পুলিশ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেমের’ আওতায় চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত মহাসড়কে ইতোমধ্যে ৪৯০টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে নতুন এই ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ব্যবস্থায় নির্ধারিত গতিসীমা অতিক্রম, উল্টো পথে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ বা নিষিদ্ধ স্থানে ওভারটেকিংসহ ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হবে। এরপর সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ একটি যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়ন করছে। চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পুরো মহাসড়ক প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনতেই ৪৯০টি এআই ক্যামেরা বসানো হয়েছে। আইন লঙ্ঘনের পর জরিমানার তথ্য সরাসরি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ডাটাবেজে চলে যাবে। একই সঙ্গে গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জরিমানার তথ্য পাঠানো হবে। জরিমানার অর্থ পরিশোধেও অনলাইন ও মোবাইলভিত্তিক সুবিধা রাখা হয়েছে। গাড়ির মালিক এসব মাধ্যম ব্যবহার করে অর্থ পরিশোধ করতে পারবেন। কেউ বারবার আইন লঙ্ঘন করলে বিআরটিএর বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধন বাতিলের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন ব্যবস্থাটি সম্পর্কে চালক, মালিক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে প্রচারণা চালানোর পরিকল্পনাও রয়েছে। হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এ প্রচারণা চালানো হবে। এর ফলে মহাসড়কে আইন মেনে চলার প্রবণতা বাড়বে এবং দুর্ঘটনা কমবে বলে সরকারের প্রত্যাশা। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এ ছাড়া নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম চালু করা হয়েছে।