| ছবি: সংগৃহীত
টানা কয়েক দিনের বৃষ্টির পর মঙ্গলবার সকালে রাজধানীবাসী আবারও রোদের দেখা পেয়েছেন। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও আকাশ আংশিক পরিষ্কার রয়েছে। তবে বৃষ্টি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গরমের তীব্রতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে দুপুরের দিকে রাজধানীতে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। চলতি মাসের ৫ জুলাই চট্টগ্রাম বিভাগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়। পরে তা দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। দুই দিন পর রাজধানীতেও শুরু হয় টানা বর্ষণ। ভারী বৃষ্টিতে দেশের অন্তত ১১টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আর রাজধানীতে রোববার ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ছিল ওই দিনের সর্বোচ্চ। সোমবারও দিনভর বৃষ্টি হলেও বিকেলের পর কিছুটা কমে আসে এবং রাতে হালকা বৃষ্টি হয়। মঙ্গলবার সকালে আকাশে মেঘ থাকলেও সূর্যের তেজ ছিল বেশ স্পষ্ট। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা সকাল ৮টার মধ্যে বেড়ে দাঁড়ায় ২৯ ডিগ্রিতে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন স্থানেই আজ তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে আকাশে মেঘ থাকায় দুপুরের দিকে রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সেই বৃষ্টি ভারী নাও হতে পারে। তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্যাপসা গরমের কারণ ব্যাখ্যা করে এই আবহাওয়াবিদ বলেন, বাতাসে এখনও প্রচুর জলীয় বাষ্প রয়েছে। যদিও তা বৃষ্টিপাতের জন্য যথেষ্ট নয়, তবে এই আর্দ্রতার কারণেই তাপমাত্রার তুলনায় গরমের অনুভূতি বেশি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে আরও অন্তত দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সম্ভাব্য সময়ের মধ্যে একটি বৃহস্পতিবার এবং আরেকটি ২৪ জুলাইয়ের পর গঠিত হতে পারে। তবে এসব লঘুচাপের প্রভাবে গত এক সপ্তাহের মতো টানা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তুলনামূলক কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।