| ছবি: সংগৃহীত
গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন কয়েক হাজার শ্রমিক। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সেখানে বিপুলসংখ্যক শ্রমিক জড়ো হন। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া জানান, শ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান অসন্তোষ নিরসনে জেলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে শক্ত অবস্থান নিয়েছেন। এদিকে, মহাসড়কে শ্রমিকদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। তিনি জানান, পল্লী বিদ্যুৎ এলাকায় হাজারও শ্রমিক অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক করতে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।