| ছবি: সংগৃহীত
ঢাকা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ না করে নীতিমালার আওতায় অনুমতি দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ জন্য দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের খনন ও উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অটোরিকশা নিয়ে মালিক-শ্রমিকদের আন্দোলনের মধ্যে সরকারের এই অবস্থানের কথা জানালেন মন্ত্রী। এর আগে ব্যাটারিচালিত রিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং করা হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন রিকশার মালিক ও শ্রমিকদের নেতারা। চার্জিং পয়েন্টে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাও করার ঘোষণাও দেন তারা। আন্দোলনকারীদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করে চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধ লাইসেন্স ও রোড পারমিট দিতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে রিকশার মালিক হিসেবে থাকা ব্যক্তিদের গাড়ি যাচাই করে বৈধতার সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করেন রিকশাচালকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ওই সময় কাকরাইল মোড়ে একটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে। আন্দোলন ছেড়ে রিকশা চালানোর চেষ্টা করা কয়েকজন চালককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া যায়। এদিকে ধানমন্ডি লেকের উন্নয়ন প্রকল্প নিয়েও অনুষ্ঠানে কথা বলেন শেখ রবিউল আলম। তিনি জানান, লেকটির খনন ও উন্নয়নকাজে ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের আওতায় লেকের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি ‘নজরুল মঞ্চ’ নির্মাণ করা হবে। নজরুল মঞ্চে একটি লাইব্রেরি স্থাপনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে বলে জানান মন্ত্রী। তার ভাষ্য, ধানমন্ডির পরিবেশ সংরক্ষণ, এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই লেকের খনন ও উন্নয়নকাজ করা হচ্ছে।