প্রকাশ : ... | ... | ...

ঢাকাসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত


সংযুক্ত ছবি

| ছবি: এ আই জেনারেটেড

রাজধানী ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক স্থানেও দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।