| ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে চিকিৎসাধীন দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা। নিহত দুই ছাত্রী হলো ১৪ বছর বয়সী জিদনী এবং আতিয়া। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ জানান, আগুনে আতিয়ার শরীরের ৪৫ শতাংশ এবং জিদনীর ৮২ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আতিয়া এবং পরদিন বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৬টায় জিদনী শেষ নিশ্বাস ত্যাগ করে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন অগ্নিকাণ্ডের উৎস জানিয়ে জানান, ভবনের ছাদের বৈদ্যুতিক তারের স্ফুলিঙ্গ (স্পার্ক) থেকে ছাদের গ্যাস রাইজারে আগুন ধরে যায়। আর সেই আগুনেই ওই পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়। ঘটনাটি ঘটে গত শনিবার বিকেলে ফতুল্লার কাশীপুর হাজীপাড়ার 'মাহেলা খাতুন বালিকা মাদ্রাসা'য়। তিনতলা ওই মাদ্রাসা ভবনের ছাদে বিকেলে খেলতে গিয়েছিল প্রতিষ্ঠানটির পাঁচ আবাসিক ছাত্রী। খেলার সময় আকস্মিক গ্যাস রাইজারে আগুন ধরে গেলে তারা দগ্ধ হয়। দুর্ঘটনায় দগ্ধ অন্য তিন ছাত্রী বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। ডা. সুলতান মাহমুদ জানান, চিকিৎসাধীনদের মধ্যে লামিয়া আক্তার শাপলার শরীরের ৫৫ শতাংশ, সুমাইয়া আক্তারের ১৩ শতাংশ এবং আসিয়া আক্তার আফরোজার ৭ শতাংশ অংশ দগ্ধ হয়েছে।