প্রকাশ : ... | ... | ...

দায়িত্বশীলদের ওমরা পুরস্কার প্রদান আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের


সংযুক্ত ছবি

| ছবি: আলহেরা

‘হে আল্লাহ, তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফের আগে তুমি আমাদের মৃত্যু দিও না’—এই দোয়া ও আবেগঘন প্রত্যাশা নিয়ে আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দায়িত্বশীলদের ওমরা পুরস্কার প্রদান ও আলোচনা সভা। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরা এলাকায় আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক, আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আল-হেরা কিডস হ্যাভেনের প্রিন্সিপাল উস্তাদ মাওলানা জাফর আহমদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা আরিফ বিল্লাহ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের মধ্য থেকে আল-হেরা কিডস হ্যাভেন, বোর্ডবাজার শাখার মাওলানা তোফায়েল আহমদ মজুমদারকে ওমরা পালনের সুযোগ হিসেবে ওমরার টিকিট তুলে দেওয়া হয়। এ সময় তাকে ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে সম্মাননা জানানো হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালেও প্রতিষ্ঠানের দুইজন দায়িত্বশীলকে ওমরা পালনের সুযোগ দেওয়া হয়েছিল। দায়িত্বশীলদের উৎসাহিত করা এবং তাদের সেবার স্বীকৃতি হিসেবে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের অধীনে বর্তমানে মোট ১১টি ক্যাম্পাস পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে আল-হেরা কিডস হ্যাভেন, জামিয়াতুল হেরা আল-ইসলামিয়া এবং আল-হেরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা। দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনের ক্ষেত্রে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন শাখায় শিক্ষক, শিক্ষিকা ও স্টাফ মিলিয়ে কর্মরত রয়েছেন প্রায় ৪০০ জন। অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি দায়িত্বশীলদের আন্তরিকতা, পরিশ্রম ও সেবামূলক কাজের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত ও ওমরা পালনের এই সুযোগকে সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করে সবার জন্য দোয়া করা হয়।