প্রকাশ : ... | ... | ...

এমপিওভুক্তির দাবিতে শহীদ মিনারে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের কর্মসূচি


সংযুক্ত ছবি

| ছবি: পুরনো ছবি

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি শুরু করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চালানোর অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে ২৩ আগস্ট করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২১টি শর্তে অবস্থান ও মানববন্ধনের অনুমতি দেয় পুলিশ। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপারেশনস) মো. মাহবুব হোসেন কামালের সই করা অনুমতিপত্রে নির্ধারিত স্থান ও সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য নির্ধারিত স্থানের বাইরে কর্মসূচি সম্প্রসারণ করা যাবে না। বিকেল ৫টার মধ্যেই কর্মসূচি শেষ করতে হবে এবং এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। কর্মসূচিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য বা প্রচার এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার করা যাবে না এবং দায়িত্ব পালনরত পুলিশের নির্দেশনা মেনে চলতে হবে। মানববন্ধন ও অবস্থানের কারণে সাধারণ মানুষের চলাচলে যেন বিঘ্ন না ঘটে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে অনুমোদিত এলাকার বাইরে কাউকে মানববন্ধনে অংশ নিতে না দেওয়া এবং সংগঠনের নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করার শর্ত রয়েছে। ডিএমপির অনুমতিপত্রে বলা হয়েছে, কর্মসূচিকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার দায় নিতে হবে। এসব শর্ত মেনেই নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার দাবি সামনে রেখে দিনব্যাপী অবস্থান ও মানববন্ধন করছেন বাংলাদেশ নন-এমপিও (বেতন-বিহীন) শিক্ষক-কর্মচারী পরিষদের শিক্ষক-কর্মচারীরা।