প্রকাশ : ... | ... | ...

বাসে-ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণ: আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দলের সম্পৃক্ততা নিয়ে রিজভীর প্রশ্ন


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় বর্তমান বিরোধীদলের সম্পৃক্ততা আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি রাজনৈতিক কর্মসূচির নামে ভাঙচুর ও বিশৃঙ্খলার বিরুদ্ধেও কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন রিজভী। তিনি বলেন, ‘ঢাকাসহ সারা দেশে বাস–ট্রেনে আগুন ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ শুধু কি পতিত আওয়ামী লীগ করছে না বর্তমান বিরোধীদলও এর সঙ্গে আছে?’ বিএনপির এই নেতা জানান, মধ্যবাড্ডা, উত্তরা, মিরপুর ও কাফরুল এলাকায় বাসে আগুন, ট্রেনে আগুন এবং হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দ্রব্যমূল্য বৃদ্ধি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে যারা লংমার্চ করছেন, তাদের এসব ঘটনার বিরুদ্ধেও কর্মসূচি দেওয়ার আহ্বান জানান রিজভী। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে সাড়ে চার শ গাড়ির বহর নিয়ে জামায়াতে ইসলামীর লংমার্চ আয়োজনের সমালোচনা করেন তিনি। তাঁর ভাষ্য, এ ধরনের কর্মসূচি জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এমন কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী রাজনীতির পুনরাবৃত্তি কি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা ও স্টেশনে ভাঙচুরের ঘটনাতেও নিন্দা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। যারা ভাঙচুর ও বিশৃঙ্খলা করছে, তাদের বিরুদ্ধে লংমার্চ করার আহ্বান জানান তিনি। সরকারের জ্বালানি মূল্য সমন্বয় প্রসঙ্গে রিজভী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে দাম সমন্বয় করা হলেও সরকারকে প্রতি লিটার ডিজেলে ৭০ টাকা ভর্তুকি দিতে হবে। আর্থিক খাতে লুটপাট না করে সরকার পরিস্থিতি গোছানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, এর ফলে ব্যাংকিং ও আর্থিক খাত কিছুটা হলেও স্থিতিশীলতা ফিরে পাচ্ছে। তবে একটি দল সমালোচনায় ব্যস্ত রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, জনগণের সঙ্গে প্রতারণার কারণে দলটি চূড়ান্ত পর্যায়ের আস্থা হারিয়েছে।