| ছবি: সংগৃহীত
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সকাল সাড়ে ৯টার দিকে শহরের মাদরাসা মোড় থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হয়নি। তাঁদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, রাজনৈতিক সহিংসতার ঘটনায় বিচার নিশ্চিত না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো কঠিন হবে। তাই ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, জেলা পেশাজীবী শাখার সভাপতি প্রফেসর মো. সাইদুর রহমান, শহর আমির মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর আমির মীর নুরুন্নবী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আবু সাঈদ রনিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার তদন্ত, বিচার এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেন জামায়াতের নেতাকর্মীরা।