প্রকাশ : ... | ... | ...

হেফাজত আমিরের সঙ্গে রাশেদ খাঁনের সাক্ষাৎ, ‘জান্নাতের টিকিট বিক্রি’ ঠেকাতে বাবুনগরীর ভূমিকার প্রশংসা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে রাশেদ খাঁন সাংবাদিকদের এ বিষয়ে জানান। সাক্ষাৎকালে বিএনপি যেন রাষ্ট্র পরিচালনায় সফল হয়, সে জন্য দোয়া করেন মুহিব্বুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে সদ্য গঠিত সরকারের বিরুদ্ধে লংমার্চ আয়োজনের কারণ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও সফলতা কামনা করে দোয়া করেন হেফাজত আমির। পাশাপাশি রাশেদ খাঁনকে তাঁর সালাম প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিতে বলেন তিনি। বাবুনগরী বিএনপিকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি পুরোনো বক্তব্যের কথা স্মরণ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কয়েকটি ইসলামী দল তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি নিয়ে গেলে খালেদা জিয়া বলেছিলেন, ‘যেখানে কোনো ভিন্নমত নেই, সেখানে তো কোনো দাবি থাকে না; আপনাদের সঙ্গে আমরা একমত।’ সাক্ষাতে ইসলামের নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগের প্রসঙ্গও আসে। নির্বাচনের আগে কথিত ‘জান্নাতের টিকিট বিক্রিওয়ালাদের’ বিরুদ্ধে কোরআন-হাদিসের আলোকে বক্তব্য দিয়ে মানুষকে সতর্ক করার জন্য মুহিব্বুল্লাহ বাবুনগরীকে ধন্যবাদ জানান রাশেদ খাঁন। এ ভূমিকার জন্য সরকার ও বিএনপির পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানানোর কথাও তিনি বলেন। সাক্ষাৎ শেষে রাশেদ খাঁন বলেন, মুহিব্বুল্লাহ বাবুনগরী বর্তমান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এবং রাষ্ট্র পুনর্গঠনে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্য ধরে রাখার প্রয়োজনীয়তার কথা বলেছেন। সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবুর রহমান শামীম এবং ফটিকছড়ি ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।