প্রকাশ : ... | ... | ...

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি খাতের সংকটের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ পরিস্থিতির দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর পদত্যাগ দাবি করেছেন। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি জানান। একই সঙ্গে এসব ইস্যুতে প্রতিবাদ জানাতে আগামী ৩০ অক্টোবর শুক্রবার রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে দলটি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাঁর ভাষ্য, সন্ত্রাস ও মাদক কারবারিদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অথচ সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চলছে। স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় ৬০টি যানবাহন ডাকাতির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, ‘মানুষ বাজারে গিয়ে এক বা দুই ধরনের বেশি সবজি কিনতে পারছে না। মধ্যবিত্ত পরিবার আগে মাসে যত ডিম খেত, এখন তা অর্ধেকও পারছে না।’ জ্বালানি খাতের পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এলপিজি গ্যাসের দাম নির্বাচনের পর ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা করা হয়েছে। কিন্তু বাজারে বিক্রি করা হচ্ছে আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকা।’ সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাহিদ ইসলামের অভিযোগ, সাংবাদিকদের ওপর দমন-পীড়ন চলছে এবং বিভিন্ন স্থানে তাঁদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা এবং নেত্রকোনায় প্রকাশ্যে গুলি করে এক সাংবাদিককে হত্যার ঘটনাও উল্লেখ করেন তিনি। দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। সংবিধান সংশোধন কমিটির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি জনগণের সঙ্গে প্রহসন।’ তিনি কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান। পাশাপাশি সাইবার আইনে প্রস্তাবিত সংশোধনী সংসদে পাস হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এনসিপির ঘোষিত গণবিক্ষোভ সামনে রেখে শুক্রবার থেকেই সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিতে দলটির সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তরের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দক্ষিণের মেয়রপ্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।