| ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের বিষয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, যার দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তা বাদ দিয়ে- তিনি এখন সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত আছেন। কাজেই আমরা মনে করি তিনি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন না।’ জ্বালানি খাতের পরিস্থিতির জন্য জ্বালানিমন্ত্রীর দায় রয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, ‘একই সঙ্গে জ্বালানি খাতে যে বিপর্যয় এসেছে জ্বালানি মন্ত্রী তিনি এর দায় এড়াতে পারেন না।’ সংবাদ সম্মেলনে বিএনপির ক্ষমতা পরিচালনার ধরন নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, ‘বিএনপি ক্ষমতায় গেলেই ক্ষমতা কুক্ষিগত করতে চায়।’ স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, এ নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হতে দেওয়া হবে না। এমন পরিকল্পনা করা হলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও সতর্ক করেন তিনি।