| ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সামনে রেখে জাতীয় সংসদ ভবনসহ রাজধানীর আশপাশের বিস্তৃত এলাকায় নিরাপত্তামূলক বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে এসব এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ করা যাবে না। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে পরিচালনা এবং সংশ্লিষ্ট এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক বা অন্য ধরনের জমায়েত নয়, নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহনও নিষিদ্ধ করা হয়েছে। একই বিধিনিষেধের আওতায় থাকবে অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন। ডিএমপির নির্ধারিত সীমানার মধ্যে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা পড়েছে। এর মধ্যে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এবং বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকা রয়েছে। এ ছাড়া পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকাও বিধিনিষেধের আওতায় থাকবে। রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি ও পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকাও নিষেধাজ্ঞার মধ্যে রাখা হয়েছে। একই সঙ্গে ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকাতেও এ নির্দেশনা কার্যকর থাকবে। ডিএমপি জানিয়েছে, উল্লিখিত সীমানার ভেতরে থাকা সব রাস্তা ও গলিপথও একই নিষেধাজ্ঞার আওতাভুক্ত হবে। ২৬ আগস্ট রাত ১২টা থেকে কার্যকর হওয়া এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।