| ছবি: সংগৃহীত
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি বাজার এলাকায় র্যালি চলাকালে তাকে ব্যানারসহ আটক করে থানায় নিয়ে যায় সাটুরিয়া থানা-পুলিশ। পরে বিদ্যালয় মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে র্যালির আয়োজন করা হয়। বিদ্যালয় থেকে বের হয়ে র্যালিটি তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বহন করা ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। র্যালি শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, আটক আবুল হাশেম ভূঁইয়ার বয়স ৪৮ বছর। তিনি দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বাসিন্দা এবং তার বাবার নাম মৃত ফুলতান ভূঁইয়া। পুলিশের দাবি, তিনি দৌলতপুর থানাধীন কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ে র্যালি ও আলোচনা সভা আয়োজন নিয়ে তাদের আপত্তি ছিল না। তবে র্যালিতে ব্যবহৃত ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে তারা পুলিশকে বিষয়টি জানান। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কর্মসূচিতে রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক ব্যক্তির নাম-সংবলিত ব্যানার ব্যবহারের বিষয়টি নিয়েও স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে। সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।