| ছবি: সংগৃহীত
২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে অভিযানের ঘটনায় তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, তদন্ত প্রতিবেদন বর্তমানে পর্যালোচনার প্রক্রিয়ায় রয়েছে এবং আগামী ২১ জুলাই নির্ধারিত সময়েই তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তদন্ত প্রতিবেদনে আসামিদের তালিকায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা, সাংবাদিক শাহরিয়ার কবীর, তৎকালীন পুলিশ ও র্যাবের প্রধান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনারের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, তদন্তে এ পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্ত এখনো চূড়ান্ত পর্যায়ে থাকায় মোট নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তিনি আরও জানান, মামলার তদন্তের সার্বিক অগ্রগতি নিয়ে পরে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে। এদিকে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে রোববার সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যায়। দলটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুর পীর সাহেব)-এর নেতৃত্বে ১০ থেকে ১৫ সদস্যের প্রতিনিধি দলে যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দিনভর সংঘর্ষ ও উত্তেজনার পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে সমাবেশস্থল খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগের ঘটনায় বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে।