প্রকাশ : ... | ... | ...

ব্যক্তির পরিবর্তন হলেও রাষ্ট্রের গুণগত পরিবর্তন হয়নি: গাজী আতাউর রহমান


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনায় ব্যক্তির পরিবর্তন ঘটলেও রাষ্ট্রীয় কাঠামো ও নীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। জনপ্রত্যাশা পূরণে রাষ্ট্রীয় সংস্কারের পাশাপাশি সাধারণ ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে উচ্চকক্ষ গঠনের দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন গাজী আতাউর রহমান। দেশের বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে দ্রব্যমূল্য, জ্বালানি, জননিরাপত্তা ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের মহাসচিব। সরকারের ছয় মাস পার হলেও এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে তাঁর দাবি। গাজী আতাউর রহমান বলেন, ‘রাষ্ট্রের কাছে জনগণের যা চাওয়া, তা নিয়ে কোনো মাত্রাতেই স্বস্তিজনক খবর নেই। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে, জ্বালানি খাতে দফায় দফায় হয়রানির শিকার হতে হচ্ছে, জননিরাপত্তায় তেমন কোনো উন্নতি নেই। বিনিয়োগ পরিস্থিতি ভয়াবহ।’ পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি না হওয়ার জন্য রাষ্ট্রীয় কাঠামো ও নীতিগত সংস্কারের ঘাটতিকে দায়ী করেন তিনি। তাঁর ভাষ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর ব্যক্তি পরিবর্তিত হলেও রাষ্ট্রের গুণগত পরিবর্তন হয়নি। বৈঠকে দেশের গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। গ্যাস-বিদ্যুতের সমস্যায় জনদুর্ভোগ এবং উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন দলের নেতারা। জ্বালানি ও গ্যাস খাতের সমস্যার দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। জনপ্রত্যাশা পূরণে সংস্কারের বিকল্প নেই বলে মন্তব্য করেন গাজী আতাউর রহমান। বিশেষ করে সাধারণ নির্বাচনে দলগুলোর পাওয়া ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ গঠনের দাবি জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার না হলে আগামী পাঁচ বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে মত দেন ইসলামী আন্দোলনের মহাসচিব। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব আশরাফুল আলম ও নেছার উদ্দিন, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ুম ও শেখ ফজলুল করীম মারুফ, দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী এবং কে এম শরীয়াতুল্লাহসহ দলের নেতারা।