| ছবি: সংগৃহীত
চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ‘অনাহারী নেতাকর্মীদের জন্য গণভিক্ষা কর্মসূচি’ নামে এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। তিনি জানান, সোমবার বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে বিশেষ একটি দানবাক্স উন্মুক্ত করা হবে। ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘১৭ বছর ধরে সরকার দলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে।’ তিনি আরও জানান, চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে ‘অভুক্ত’ থাকা চাঁদাবাজদের পুনর্বাসনে জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন।’