জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় অনুযায়ী সরকার দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না করলে তাদের দল গণআন্দোলনের পাশাপাশি গণঅভ্যুত্থানের পথেও যেতে বাধ্য হবে। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদুর্ভোগ কমানো এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও সার্বিক উন্নয়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নাহিদ ইসলাম জানান, বরিশাল থেকে কর্মসূচি শুরু হলেও পরবর্তী সময়ে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর জেলা ও উপজেলা পর্যায়েও ধারাবাহিক কর্মসূচি চলবে। এর মধ্যেই সরকার যদি গণভোটের ফলাফলের আলোকে জুলাই সনদ কার্যকর না করে, তাহলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে হরতাল বা অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হয়নি। তবে পরিস্থিতির প্রয়োজন হলে এমন কর্মসূচি দিতে তারা প্রস্তুত রয়েছেন। যদিও এই মুহূর্তে তারা এমন কর্মসূচির পক্ষে নন, কিন্তু সরকারের অবস্থান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সেই দিকেই নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রীর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গণভোটের আগে তিনি জুলাই সনদের পক্ষে প্রচারণা চালালেও ভোটের ফলাফলে বিপুলসংখ্যক মানুষ সংস্কারের পক্ষে রায় দেওয়ার পরও তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়নি। অথচ সরকার বারবার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি গণঅভ্যুত্থানের সময় ব্যবহৃত ‘নাটক কম করো প্রিয়’ স্লোগান উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, জনগণ সরকারকে ক্ষমতায় এনেছে বলে তাদের সঙ্গে প্রতারণা বা ছলনার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের আহ্বানও জানান তিনি।