| ছবি: সংগৃহীত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার পর উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ছাত্রদলের সমর্থনে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার পর রংপুর মহানগরসহ বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বেরোবির প্রধান ফটকে জড়ো হতে শুরু করেন। তাদের কয়েকজনের হাতে ছুরি, চাপাতি, লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। এর আগে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ ঘটনাস্থলে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এক যুবদল কর্মী বলেন, তারা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে সংহতি জানাতে সেখানে এসেছেন। তিনি ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে একাত্তর ও পরবর্তী সময়ের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন এবং তাদের বর্জনের কথা বলেন। এদিকে একই স্থানে কর্মসূচির ঘোষণা দিলেও ছাত্রশিবির বা তাদের কোনো অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঘটনাস্থলে দেখা যায়নি। ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় এলাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্টরা।