প্রকাশ : ... | ... | ...

ছাত্রদল ছাত্রলীগের পথে গেলে পরিণতি আরও খারাপ হবে: সারজিস আলম


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, ছাত্রদল যদি ছাত্রলীগের মতো আচরণের পথে যায়, তাহলে তাদের পরিণতি আরও খারাপ হবে। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম তাঁর পোস্টে লেখেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।’ সারজিসের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে আলোচনা চলছে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে শাখা ছাত্রদল ও শিবিরের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জকসুর প্রতিনিধিদের অভিযোগ, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করতে গেলে বাধার সৃষ্টি হয়। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতা–কর্মীদের বিরুদ্ধে। একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজেও ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই সারজিস আলম তাঁর মন্তব্য করেছেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।