| ছবি: সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশের জনগণ ইসলামের আদর্শে রাষ্ট্র পরিচালনার প্রত্যাশা করে। তবে একটি প্রভাবশালী মহলের অতিরিক্ত ক্ষমতালিপ্সার কারণে দেশে এখনো ইসলামি শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি বলে তিনি মন্তব্য করেছেন। রোববার বিকেলে পাবনার কাশীনাথপুরে একটি মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের পাবনা জেলা পূর্ব শাখার মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পূর্ব শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। বক্তব্যে তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে অভিযোগ করেন, বিদেশি সমর্থন লাভের আশায় কিছু দল তাদের নির্বাচনী ইশতেহার থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দিয়েছে। পাশাপাশি তারা ইসলামি শরিয়াহ অনুসারে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেবে না বলেও যুক্তরাষ্ট্র ও ভারতকে আশ্বস্ত করেছে বলে দাবি করেন তিনি। যারা ইসলামের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দেশের চলমান বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে রেজাউল করীম বলেন, ভয়াবহ বন্যায় বহু মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছেন। তিনি বন্যাকবলিত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে কোরআনের শাসনই কার্যকর সমাধান। তিনি আরও বলেন, প্রকৃত অর্থে স্বাধীনতাকে অর্থবহ এবং শোষণ-বঞ্চনামুক্ত রাষ্ট্র গড়ে তুলতে হলে সর্বস্তরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। সভা শেষে পাবনা জেলা পূর্ব শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন দলের আমির। এতে সভাপতি হিসেবে মাওলানা সোলাইমান জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. রাশিদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।