| ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় কৃষক লীগের এক নেতাকে আটকের পর তাঁকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করতে গিয়ে জামায়াত ও বিএনপির আট নেতাকর্মী আটক হয়েছেন। পরে উভয় দলের নেতাদের জিম্মায় মুসলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে মিরপুর থানায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতের আমির সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মো. মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামানিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০) ও বাদল প্রমানিক (৫০)। এ ছাড়া বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক হিসেবে পরিচিত শহীদুল ইসলাম (৫৩) রয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ার্ড কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে একটি নাশকতা মামলায় আটক করা হয়। পরে তাঁকে মিরপুর থানায় নেওয়া হয়। হাফিজুরকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন থানায় যান। তাঁরা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন এবং তাঁকে মুক্ত করতে তদবির করেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, নিষেধ করার পরও ওই ব্যক্তিরা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার কথা বলেন। একপর্যায়ে তাঁদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে আটক আটজনকে মুসলেকা নেওয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।