প্রকাশ : ... | ... | ...

কর্মসূচি প্রত্যাহার কওমি ছাত্র ঐক্য পরিষদের, তবে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান এনসিপিকে করতে দিল না প্রশাসন


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করার পর দলটির কর্মসূচি প্রতিহতের ঘোষণা প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে সংগঠনটির আপত্তি সরে গেলেও জেলা প্রশাসনের অনুমতি না থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির নির্ধারিত অনুষ্ঠান হচ্ছে না। শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এনসিপি নেতাদের সঙ্গে আলোচনা শেষে নিজেদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের সভাপতি আব্দুল খালেক বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এনসিপির কর্মসূচিতে আমাদের কোনো বাধা থাকবে না।’ শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা ছিল। এর এক ঘণ্টা আগে, বিকাল ৩টায় একই স্থানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছিল কওমি ছাত্র ঐক্য পরিষদ। দুই পক্ষের এই পাল্টাপাল্টি অবস্থানের সূত্রপাত হয় শুক্রবার মধ্যরাতে। কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসার শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ করেন। জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানান তারা। হাসনাত দুঃখ প্রকাশ না করলে এনসিপির নির্ধারিত অনুষ্ঠান প্রতিহত করার ঘোষণাও দেওয়া হয়। এর মধ্যে শনিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত জানান, সংসদে দেওয়া বক্তব্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। হাসনাতের ওই অবস্থানের পর পরিস্থিতি বদলে যায়। এনসিপি নেতাদের সঙ্গে আলোচনায় বসে কওমি ছাত্র ঐক্য পরিষদ এবং পরে তাদের পূর্বঘোষিত ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যাহার করে নেয়। একই সঙ্গে এনসিপির কর্মসূচিতে বাধা না দেওয়ার কথাও জানায় সংগঠনটি। তবে শিল্পকলা একাডেমিতে এনসিপির অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আপত্তি জানিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের ভাষ্য, সেখানে রাজনৈতিক অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়নি। জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। এ কারণে ওইভাবে অনুমতি দেয়া সম্ভব নয়। শিল্পকলা একাডেমি কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। তারা সেখানে অনুষ্ঠান করতে পারবে না।’ ফলে হাসনাতের দুঃখ প্রকাশের পর কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে এনসিপির কর্মসূচি ঘিরে তৈরি হওয়া বিরোধের অবসান হলেও শিল্পকলা একাডেমিতে দলটির পূর্বনির্ধারিত আয়োজন প্রশাসনিক অনুমতি না পাওয়ায় আটকে গেছে।