প্রকাশ : ... | ... | ...

‘আমি এখানে তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’: পার্থ


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, মামলার আসামি প্রত্যেককেই বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে চায় সরকার। তবে এ বিষয়ে প্রশ্ন করার সময় তার সঙ্গে শেখ হাসিনার পারিবারিক সম্পর্কের প্রসঙ্গ তোলায় আপত্তি জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। সেখানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শেখ হাসিনা ও শরীফ ওসমান হাদির খুনিদের ভারত থেকে ফেরানোর বিষয়ে অগ্রগতি জানতে চান। প্রশ্নের একপর্যায়ে তিনি বলেন, ‘পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি শরীফ ওসমান হাদির খুনিদেরও ফেরত দেয়ার জন্য বলেছে। কোনো আপডেট আছে কি না? কবে নাগাদ ফেরত পাচ্ছেন আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে?’ প্রশ্নে পারিবারিক সম্পর্কের প্রসঙ্গ যুক্ত করায় আপত্তি জানিয়ে পার্থ বলেন, ‘আমি আগেও বলেছিলাম, আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে। তার আত্মীয় হিসেবে নয়। আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।” এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘আপনি তো উনার বহুবছরের একটা...উনি কার সাথে ছিলেন, কী করেছেন, খুবই ক্লিয়ারলি এক্সপোজড। ইজন্ট ইট?’ পার্থর সঙ্গে শেখ হাসিনার পারিবারিক সম্পর্ক রয়েছে। তার বাবা নাজিউর রহমান মঞ্জু এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন। জাতীয় পার্টি বিভক্ত হওয়ার পর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) নামে একটি অংশের নেতৃত্বে আসেন তিনি। ২০০৮ সালে নাজিউর রহমান মঞ্জুর মৃত্যুর পর দলের নেতৃত্ব নেন পার্থ। পার্থর মা রেবা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। অন্যদিকে পার্থ বিয়ে করেছেন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের বড় মেয়ে শেখ সায়রা রহমানকে। এই পারিবারিক সম্পর্কের সূত্রে শেখ হাসিনা তার ফুফু হন। সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন। আমরা জানি এবং আমাদের সরকারের তরফ থেকে যেটা আমরা জানতে পেরেছি যে, যে কন্ডিশনগুলো দেয়া হয়েছে, এবং আমি যেটা জানি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় লিখেছে, এ ব্যাপারটা নাকি উনারা এখন আদালতের মাধ্যমে করবে।’ ভারতের অবস্থান সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরে পার্থ আরও বলেন, ‘সেক্ষেত্রে আমার কাছে মনে হয়, উনি ওখানে গিয়েছিলেন একভাবে, বাট ওই সরকার এখন পলিটিক্যালি ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা এখন জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছে। আমার মনে হয় এই সংবাদটা উনার জন্য খুব একটা সুখকর হবে না।’ শুধু শেখ হাসিনা নন, মামলার মুখোমুখি অন্য ব্যক্তিদেরও দেশে ফিরিয়ে আনার দাবি বাংলাদেশের রয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। পার্থ বলেন, ‘আমাদের তো দাবি একটাই; সেটা হলো, শুধু উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সব কিছু। বাংলাদেশের জায়গা থেকে আমরা চাই, এই জুলাই আন্দোলন থেকে শুরু করে এর আগেও যে ঘটনাগুলো, সেগুলোর সঠিক বিচার হোক।’