প্রকাশ : ... | ... | ...

সব কথার শেষ কথা 'নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নাই' : আব্দুল হাই


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের প্রতি শাসন, স্নেহ ও যত্নেরও নির্দিষ্ট সীমারেখা রয়েছে বলে মন্তব্য করেছেন রাজধানীর পল্লবীর মসজিদুল জুম’আ-এর খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। তাঁর মতে, বিশেষ করে ধর্মীয় শিক্ষকদের ক্ষেত্রে নৈতিকতার মানদণ্ড আরও কঠোর হওয়া প্রয়োজন। অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (২৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সাইফুল্লাহ। পোস্টে তিনি লেখেন, ‘শিক্ষার্থীর প্রতি শাসন, স্নেহ ও যত্নেরও সীমারেখা আছে। বিশেষত ধর্মীয় শিক্ষকের ক্ষেত্রে এই নৈতিকতা হতে হবে আরও কঠোর। ‘পিতার মতো’ কিংবা ‘বড় ভাইয়ের মতো’ কোনো পরিচয়ই সীমালঙ্ঘনের বৈধতা দিতে পারে না।’ শিক্ষকের আচরণ ও নৈতিক দায়িত্বের বিষয়ে তিনি বলেন, যিনি স্নেহ ও শাসনের সীমা বোঝেন না, শিক্ষকতার নৈতিক দায়িত্ব পালনের যোগ্যতা নিয়েই তাঁর প্রশ্নের মুখে পড়া উচিত। অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্তের ওপর গুরুত্ব দিয়ে সাইফুল্লাহ লেখেন, ‘অভিযোগ হলে নিরপেক্ষ তদন্ত চাই, অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আবার তদন্তের আগেই পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তও নয়। সত্য জানতে হবে, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’ ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতার অভিযোগ ধামাচাপা দেওয়ার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, এতে অপরাধের বিচার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতাও নষ্ট হয়। নিজেদের অন্যায় আড়াল করে অন্যের অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়ার নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সাইফুল্লাহর ভাষায়, ‘ন্যায়বিচারের মানদণ্ড ব্যক্তি, পদ কিংবা প্রতিষ্ঠানভেদে বদলাতে পারে না।’ পোস্টের শেষাংশে সন্তানের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি লেখেন, ‘সব কথার শেষ কথা “নিজ সন্তানের নিরাপত্তায় কোনো কোনো ছাড় নাই” এটাই শেষ কথা।’