| ছবি: সংগৃহীত
ঢালিউডের দুই প্রজন্মের দুই জনপ্রিয় তারকা শাকিব খান ও ববিতা আবারও একসঙ্গে সিনেমায় কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে। ববিতার জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে ফোন করে শুভেচ্ছা জানান শাকিব এবং একই সঙ্গে তাঁর সঙ্গে নতুন সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘ববিতা সমগ্র’ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ফোন করে ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব খান। এ সময় তিনি কিংবদন্তি এই অভিনেত্রীকে আবারও সিনেমায় কাজ করার অনুরোধ করেন। জবাবে ববিতা জানান, গল্পে নতুনত্ব ও চ্যালেঞ্জ থাকলে তিনি শাকিবের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, ‘‘আমি যে ধরনের গল্পে কাজ করতে চাই, তেমন চ্যালেঞ্জিং গল্প দাও। সে সিনেমায় আমাদের দুজনেরই যেন চ্যালেঞ্জিং কিছু থাকে। কথা দিলাম তাহলে তোমার ছবি করবো।’’ শাকিব খানের অভিনয় নিয়েও প্রশংসা করেন ববিতা। তিনি বলেন, ‘‘আমি তোমার ছবি দেখি। সবাইকে বলি তুমি সিনসিয়ারলি কাজ করো। তোমার যেমন অভিনয়, তেমন নাচ, তেমন ফাইট। অভিনেতা হিসেবে তোমার মধ্যে সব গুণ আছে। সে জন্য তোমাকে খুব ভালো লাগে।’’ শাকিব খান ও ববিতা এর আগে একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তাদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’ সিনেমাগুলো দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে নিয়মিত অভিনয়ে নেই ববিতা। দীর্ঘদিন পর্দার বাইরে থাকা এই অভিনেত্রীকে সর্বশেষ ২০১৪ সালে নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দেখা গেছে।