স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া জামিন পেয়েছেন। হাইকোর্টের আদেশের ফলে এ মামলায় তাঁর কারামুক্তিতে আপাতত কোনো আইনি বাধা নেই। সোমবার (৩ আগস্ট) আদালতের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ২ আগস্ট বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদেশ দেন। এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে মামলার তদন্তের স্বার্থে গত ২১ জুন সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরবর্তী শুনানিতে ২৪ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাঁদের এক ছেলে রয়েছে।