প্রকাশ : ... | ... | ...

সোনম ওয়াংচুক প্রসঙ্গে মুখ খুললেন আমির খান, র‍্যাঞ্চো বিতর্কে দিলেন ব্যাখ্যা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

শিক্ষা সংস্কারক ও অধিকারকর্মী সোনম ওয়াংচুকের অনশনকে ঘিরে চলমান আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা আমির খান। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বহুল আলোচিত চলচ্চিত্র থ্রি ইডিয়টস-এ তাঁর অভিনীত র‍্যাঞ্চো চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত—এমন ধারণা সঠিক নয়। লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এক আলোচনায় আমির বলেন, থ্রি ইডিয়টস নির্মাণের সময় তিনি কিংবা ছবির লেখকেরা সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না। তাই র‍্যাঞ্চো চরিত্রটি তাঁর জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে—এমন দাবি বাস্তবতার সঙ্গে মেলে না। তবে তিনি সোনমের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর চলমান অনশন এবং শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। আমিরের ভাষ্য, ‘এটি আসলে একটি ভুল ধারণা। থ্রি ইডিয়টস বানানোর সময় আমরা সোনম সাহেবকে চিনতাম না। তিনি কোনো চরিত্রের অনুপ্রেরণা ছিলেন কি না, সেটি তাঁর প্রতি সম্মান প্রদর্শনের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু বিষয়টির তথ্যগত দিক পরিষ্কার করতে চেয়েছি।’ তিনি আরও বলেন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে সবাই উদ্বিগ্ন এবং তিনি আশা করেন পরিস্থিতির ইতিবাচক সমাধান হবে। পাশাপাশি সোনম যেন দ্রুত অনশন প্রত্যাহার করেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন। তবে আমির খানের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, থ্রি ইডিয়টস মুক্তির পর দীর্ঘদিন ধরে র‍্যাঞ্চো বা ফুনসুখ ওয়াংডু চরিত্রের সঙ্গে সোনম ওয়াংচুকের মিল নিয়ে আলোচনা চললেও এতদিন এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে এখন দেওয়া এই বক্তব্য নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র বিশ্লেষক অরিত্র তাঁর এক সাম্প্রতিক ভিডিওতে আমির খানের সমালোচনা করেন। তাঁর দাবি, দীর্ঘ সময় ধরে প্রচলিত ধারণা নিয়ে কোনো আপত্তি না জানিয়ে এখন অবস্থান পরিবর্তনের মাধ্যমে অভিনেতা বিতর্ক আরও বাড়িয়ে তুলেছেন। ভিডিওতে তিনি আমির খানকে ‘স্পাইনলেস অ্যাক্টর’ বলেও মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। এর আগে থ্রি ইডিয়টস-এ চতুর রামালিঙ্গম চরিত্রে অভিনয় করা ওমি বৈদ্যও সোনম ওয়াংচুকের প্রতি সমর্থন জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, অনেকের বিশ্বাস ছবির ফুনসুখ ওয়াংডু চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। একই সঙ্গে তিনি সোনমের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বর্তমানে ভারতের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। তাঁর এই আন্দোলনের প্রতি ইতোমধ্যেই দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা সমর্থন জানিয়েছেন।