| ছবি: সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় দুই সিঙ্গার-সংরাইটার নচিকেতা চক্রবর্তী ও জয় শাহরিয়ার এবার লন্ডনের দর্শকদের সামনে একসঙ্গে গান শোনাবেন। আগামী ২৩ আগস্ট লন্ডনের রয়াল রিজেন্সি মিলনায়তনে আয়োজন করা হয়েছে এই কনসার্টের। ‘মেগা কনসার্ট ২০২৬’ নামের এই আয়োজনের গেট স্থানীয় সময় বিকেল ৩টায় খুলে দেওয়া হবে। ইতোমধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০, ৪০ ও ১০০ পাউন্ড। কনসার্টটির আয়োজন করছে আইঅন টিভি। শিল্পী ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশের আজব কারখানা। লন্ডনে প্রথমবার গান গাওয়ার সুযোগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয় শাহরিয়ার। তিনি জানান, ঢাকায় নচিকেতার সঙ্গে একই মঞ্চে গান করার অভিজ্ঞতা তার রয়েছে। এবার লন্ডনের শ্রোতাদের সামনে একসঙ্গে পরিবেশনার প্রস্তুতি নিচ্ছেন তারা। জয় শাহরিয়ারের ভাষায়, ‘লন্ডনে প্রথমবারের মতো গাইব। নচিকেতার সাথে আগেও (ঢাকায়) এক মঞ্চে গাইবার অভিজ্ঞতা আছে। আশা করি, ভবিষ্যতে পৃথিবীর নানা শহরে আমরা পৌঁছে যাব আমাদের গান নিয়ে। লন্ডনের শ্রোতারা একটি সুন্দর গানের সন্ধ্যা পাবেন বলেই প্রত্যাশা করছি।’ নচিকেতা চক্রবর্তীও জয় শাহরিয়ারের সঙ্গে লন্ডনের মঞ্চ ভাগ করে নেওয়া নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘জয় আমার স্নেহভাজন। ওর সাথে অডিও, মঞ্চ সব জায়গাতেই কাজ করেছি। আশা করি, এবার লন্ডনেও আমাদের গান সবার মন ছুঁয়ে যাবে।’ দুই শিল্পীর যৌথ সংগীতচর্চার নজির রয়েছে আগেও। ২০২৪ সালে প্রকাশিত হয় নচিকেতা ও জয় শাহরিয়ারের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’। অ্যালবামটিতে জয়ের সুরে দুই শিল্পীর কণ্ঠে সাতটি গান স্থান পেয়েছে। এবার সেই যৌথ সংগীতযাত্রাই পৌঁছাচ্ছে লন্ডনের মঞ্চে। ২৩ আগস্টের আয়োজনে দুই শিল্পীর গান শোনার সুযোগ পাবেন সেখানকার দর্শকেরা।