প্রকাশ : ... | ... | ...

রোমান্টিক নায়ক থেকে গায়ক—নতুন পরিচয়ে দর্শকদের সামনে আসছেন অপূর্ব


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

অভিনয়ের বাইরে এবার সংগীতশিল্পী হিসেবে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে তার প্রথম মিউজিক্যাল আয়োজন ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। অনুষ্ঠানটির ঘোষণা প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন অপূর্ব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “সত্যি বলতে, ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এত অভাবনীয় ও অবিশ্বাস্য সাড়া পাব, কখনো কল্পনাও করিনি। এত ভালোবাসা দেওয়ার জন্য হৃদয়ের গভীর থেকে সবাইকে ধন্যবাদ। আপনাদের কারণেই এই যাত্রা আমার জন্য আরও বেশি বিশেষ হয়ে উঠেছে।” আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান শুরু হবে রাত ৮টায়। কনসার্টে গান পরিবেশন করবেন অপূর্ব। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ও ৩০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৩০০ টাকা এবং ৩৭ হাজার টাকার সমান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসনসংখ্যা সীমিত। অনুষ্ঠানের প্রচারণায় এটিকে ‘ওয়ান নাইট টু রিমেম্বার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিনয়ের জন্য পরিচিত এই তারকাকে এবার গায়ক হিসেবে মঞ্চে দেখতে আগ্রহ প্রকাশ করছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকেরা। অপূর্বের সংগীতের সঙ্গে সম্পর্ক নতুন নয়। ছোটবেলা থেকেই প্রকৌশলী হওয়ার স্বপ্ন ছিল তার এবং তিনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন। সেই সময় নিয়মিত গানের চর্চাও করতেন এবং সংগীতকে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা ছিল। তবে পরবর্তীতে অভিনয়েই প্রতিষ্ঠা পান তিনি। গত দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং স্ত্রী ও সন্তানকে সময় দিচ্ছেন।