প্রকাশ : ... | ... | ...

রাজ্যসভার সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক, নতুন রাজনৈতিক জল্পনা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। কয়েক মাস ধরে এ নিয়ে আলোচনা চললেও বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করেন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এর আগে গত জুনে তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। তবে উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, প্রচলিত নিয়ম অনুযায়ী পদত্যাগ কার্যকর করতে সংসদ সদস্যকে নিজে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে। সে সময় বিদেশে অবস্থান করায় কোয়েলের পক্ষে তা সম্ভব হয়নি। কোয়েল মল্লিকের পদত্যাগের আগে তৃণমূল কংগ্রেসের মনোনীত রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইকও দায়িত্ব ছেড়েছেন। সর্বশেষ এই পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯ জনে। এদিকে পদত্যাগের পর বিজেপির জ্যেষ্ঠ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে কোয়েল মল্লিকের বৈঠকের খবর প্রকাশ্যে আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর জেরে অনেকেই ধারণা করছেন, তিনি শিগগিরই বিজেপিতে যোগ দিতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোয়েল কিংবা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করলে রাজীব কুমার, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামীর পাশাপাশি কোয়েল মল্লিকের নামও অন্তর্ভুক্ত ছিল। পরে এপ্রিলে তিনি দিল্লিতে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন। শপথ নেওয়ার পর কোয়েল মল্লিক বলেছিলেন, সংসদ সদস্য হওয়ার সিদ্ধান্ত তিনি তাৎক্ষণিকভাবে নেননি। বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশ ও মানুষের সেবার সুযোগকে তিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখেন।