প্রকাশ : ... | ... | ...

প্রথমবার ঢাকায় কনসার্ট করবেন পাকিস্তানের র‍্যাপার হাসান রহিম


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হাসান রহিম প্রথমবারের মতো বাংলাদেশে কনসার্ট করতে আসছেন। চলতি আগস্টে রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য একক কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই বাংলাদেশে পারফর্মের বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে কনসার্টটি। আয়োজন করছে কেওয়াইএন আর্ট। তারা জানিয়েছে, খুব শিগগিরই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামের বিশ্বসংগীত সফরে রয়েছেন হাসান রহিম। এ সফরের অংশ হিসেবে এরই মধ্যে তিনি উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন শহরে কনসার্ট করেছেন। সেই সফরের ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের সামনে পরিবেশন করবেন তার জনপ্রিয় গান। আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম আসরে প্রকাশিত ‘পিছে হাট’ গানটির মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। পরে ‘তুররি জান্দি’, ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ এবং ‘মেহবুবা’ গানগুলোও শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে। সম্প্রতি বাংলাদেশে আন্তর্জাতিক সংগীতানুষ্ঠানের আয়োজন বেড়েছে। গত ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করেন পাকিস্তানের শিল্পী আতিফ আসলাম। সেই আয়োজনের পর এবার হাসান রহিমের প্রথম বাংলাদেশ সফর ঘিরেও সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এদিকে আজ (১ আগস্ট) রাজধানীতে পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে হাসান রহিমের আসন্ন কনসার্ট নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে।