| ছবি: সংগৃহীত
বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জনসমক্ষে খুব কমই হাসতে দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠানে ক্যামেরার সামনে তার গম্ভীর অভিব্যক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে নানা আলোচনা চলছে। এবার সেই বিষয়েই মুখ খুলেছেন অভিনেতা ও তার ঘনিষ্ঠ বন্ধু রাঘব জুয়াল। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাঘব বলেন, আরিয়ান ইচ্ছা করেই ক্যামেরার সামনে কৃত্রিম হাসি বা ভান করা অভিব্যক্তি দেখান না। নিজের স্বাভাবিক ব্যক্তিত্ব বজায় রাখতেই তিনি এমনটা করেন। রাঘবের ভাষায়, “আরিয়ান কখনোই অভিনয় করে কিছু দেখাতে চায় না। সে যেমন মানুষ, ঠিক তেমনভাবেই সবার সামনে থাকতে পছন্দ করে। তার সেই স্বাধীনতা থাকা উচিত। ব্যক্তিগতভাবে সে খুবই সৃজনশীল, প্রাণবন্ত এবং ভদ্র একজন মানুষ।” তিনি আরও জানান, জনসমক্ষে গম্ভীর থাকলেও ব্যক্তিগত জীবনে আরিয়ান একেবারেই ভিন্ন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় তিনি হাসেন, আড্ডা দেন এবং আনন্দ করেন বলেও উল্লেখ করেন রাঘব। সম্প্রতি রাঘব জুয়ালের জন্মদিনের অনুষ্ঠানে স্বল্প সময়ের জন্য প্রকাশ্যে দেখা যায় আরিয়ান খানকে। অনুষ্ঠানস্থলে ভক্ত ও আলোকচিত্রীদের ভিড়ের মধ্যে তার উপস্থিতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় আসে তার সংযত ব্যক্তিত্ব। এটি অবশ্য প্রথম নয়। এর আগেও এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ানের কাজের প্রশংসা করেছিলেন রাঘব। তিনি বলেন, শাহরুখ ও গৌরী খানের সন্তান হওয়ার বাইরে আরিয়ানের নিজস্ব একটি পরিচয় রয়েছে। তার মতে, আরিয়ান একজন প্রতিভাবান নির্মাতা, যিনি বলিউডকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে সাহসী গল্প বলার চেষ্টা করেছেন। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আরিয়ান খানের পরিচালনায় নির্মিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস* অব বলিউড’**। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে গৌরী খানের প্রযোজনায় নির্মিত এই ব্যঙ্গধর্মী কমেডি-ড্রামায় অভিনয় করেছেন লক্ষ্য, ববি দেওল, রাঘব জুয়াল, সাহের বাম্বা, আনিয়া সিং, মোনা সিং, মনোজ পাহওয়া ও মনীশ চৌধুরীসহ একাধিক শিল্পী। সাত পর্বের এই সিরিজে বলিউডে নিজের অবস্থান গড়ে তোলার স্বপ্ন দেখা এক তরুণের গল্প তুলে ধরা হয়েছে। পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের তারকাখ্যাতি, জনসম্মুখের ভাবমূর্তি এবং ইন্ডাস্ট্রির নানা বাস্তবতাকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে।