প্রকাশ : ... | ... | ...

গোয়ায় সাদামাটা আয়োজনে বিয়ে করলেন অর্জুন রামপাল-গ্যাব্রিয়েলা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে বিয়ে করেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ২০১৮ সালে শুরু হওয়া সম্পর্ক, একসঙ্গে সংসার এবং দুই সন্তানের জন্মের পর এবার গোয়ায় আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেছেন তাঁরা। বিয়েতে ছিল না তারকাদের উপস্থিতিতে কোনো জমকালো আয়োজন। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সাদামাটাভাবেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানিয়েছেন, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের আওতায় তাঁদের বিয়ে নিবন্ধিত হয়েছে। স্থানীয় নিয়মে প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করেন তাঁরা। বিশেষ দিনটিতেও জাঁকজমকের বদলে সাধারণ আয়োজনই বেছে নেন এই জুটি। বিকেল চারটার দিকে সাধারণ পোশাকে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পৌঁছান তাঁরা। সঙ্গে ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্ক শুরু হয়েছিল ২০১৮ সালে। বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই পরে একসঙ্গে সংসার শুরু করেন তাঁরা। ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান এরিকের জন্ম হয়। ২০২৩ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান এরিভ। দীর্ঘদিন একসঙ্গে থাকলেও বিয়ের জন্য তাড়াহুড়া করেননি দুজন। ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে নিজের বাগ্‌দানের খবর প্রকাশ্যে আনেন অর্জুন। এর এক বছর পর ২০২৬ সালে তাঁদের সম্পর্ক আনুষ্ঠানিক আইনি স্বীকৃতি পেল। বিয়ে নিয়ে অর্জুনের আগের মন্তব্যের কারণেও তাঁদের এই সিদ্ধান্ত আলাদা করে আলোচনায় এসেছে। অভিনেতা রণবীরের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সম্পর্কের ক্ষেত্রে বিয়ের কাগজকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করেন না বলে জানিয়েছিলেন তিনি। অর্জুন বলেছিলেন, ‘বিয়ে আসলে কী? শেষ পর্যন্ত তো একটা কাগজ।’ তার যুক্তি ছিল, বিয়ের পর সম্পর্ক স্থায়ী হয়ে গেছে—এমন ধারণা কখনো কখনো এর স্বাভাবিক গতিকে বদলে দিতে পারে। গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কের স্বাভাবিকতাকেই তিনি গুরুত্বপূর্ণ মনে করতেন। অর্জুন আরও জানিয়েছিলেন, তাঁরা নিজেদের এমনিতেই বিবাহিত মনে করেন। একে অপরকে ভালো পথে এগিয়ে যেতে সহায়তা করার পাশাপাশি প্রেমিক-প্রেমিকার সম্পর্কটিও উপভোগ করছেন তাঁরা। তবে বিয়ের বিরোধী নন বলেও তখন স্পষ্ট করেছিলেন অভিনেতা। গ্যাব্রিয়েলার আগে মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে বিবাহিত ছিলেন অর্জুন। ১৯৯৮ সালে তাঁদের বিয়ে হয়। সেই সংসারে তাঁদের দুই মেয়ে মাহিকা ও মাইরা। প্রায় ২১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৯ সালে অর্জুন ও মেহরের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও মাহিকা ও মাইরার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন অর্জুন এবং তাঁদের প্রতি বাবার দায়িত্ব পালন করে গেছেন। এরপর গ্যাব্রিয়েলার সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি। প্রেম, সংসার ও দুই সন্তান নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর এবার গোয়ায় আনুষ্ঠানিকভাবে বিয়ের নিবন্ধন করলেন অর্জুন ও গ্যাব্রিয়েলা।