| ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এমডি ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে তাঁর। শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটির মহরত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের প্রথম বাংলাদেশি সিনেমা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মধুমিতা। তিনি বলেন, "আমি এখানকার সবার এতটা ভালোবাসা পেয়ে আপ্লুত। এত এত ক্যামেরার সামনে দাঁড়িয়ে, এত গুণী মানুষদের নিয়ে আমার অভিষেক হচ্ছে ঢাকাই সিনেমায়। এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারে না।" নতুন এই যাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, "আমরা যে এনার্জি ও স্পিড নিয়ে যাত্রা শুরু করেছি, আশা করি সিনেমাটি খুব ভালো হবে। আমাকে এই সিনেমায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই।" নির্মাতার তথ্য অনুযায়ী, ‘গুলশানের চামেলী’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মধুমিতা সরকার। সিনেমাটি এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় শিল্পীদের একসঙ্গে দেখা যাবে। অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছান মধুমিতা সরকার। তাঁর বাংলাদেশি চলচ্চিত্রে অভিষেককে ঘিরে দুই বাংলার দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।