প্রকাশ : ... | ... | ...

অভিনয় ছাড়ছেন না হাসান মাসুদ, দিলেন ভুল বোঝাবুঝির ব্যাখ্যা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

অভিনয় থেকে স্থায়ীভাবে সরে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন অভিনেতা হাসান মাসুদ। সম্প্রতি তার একটি সাক্ষাৎকারের বক্তব্যকে কেন্দ্র করে অভিনয় ছাড়ার আলোচনা তৈরি হলেও সেটিকে ভুল ব্যাখ্যা হিসেবে উল্লেখ করেছেন তিনি। হাসান মাসুদের ভাষ্য, দীর্ঘদিন ধরে পছন্দের ও মানসম্মত কাজের সুযোগ না পাওয়ায় তিনি নিয়মিত অভিনয়ে ছিলেন না। প্রায় দুই বছর কোনো অভিনয়ের কাজ না করলেও এর মধ্যে মাঝেমধ্যে বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে পছন্দের বা মানসম্মত কাজের সুযোগ না পাওয়ায় নিয়মিত অভিনয়ে ছিলাম না। প্রায় দুই বছর ধরে অভিনয়ের কোনো কাজ করা হয়নি, তবে মাঝেমধ্যে বিজ্ঞাপনে করেছি। টেলিভিশনে বিষয়টি বলার ক্ষেত্রে হয়তো আমার বক্তব্য আরও পরিষ্কার হওয়া প্রয়োজন ছিল। কিন্তু কখনও বলেননি যে ভবিষ্যতে আর অভিনয় করব না। আশা করছি, আমার বক্তব্যটি সবাই বুঝতে পেরেছেন।’ সাম্প্রতিক বক্তব্যে ভালো কনটেন্টের অভাবের কথাও বলেছিলেন এই অভিনেতা। তবে সেই মন্তব্যের অর্থ অভিনয় পেশা থেকে চিরতরে বিদায় নেওয়া নয় বলে পরিষ্কার করেছেন তিনি। ধর্মীয় অনুশীলনে মনোযোগ বাড়ার কারণে অভিনয় ছেড়ে দিয়েছেন—এমন ধারণাও নাকচ করেছেন হাসান মাসুদ। তার মতে, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি অভিনয় চালিয়ে যাওয়া সম্ভব। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও নামাজ আদায় করা যায় এবং দীর্ঘ অভিনয়জীবনে তিনি সেভাবেই কাজ করেছেন। হাসান মাসুদ জানান, ২০০০ সাল থেকে তিনি নিয়মিত নামাজ পড়ছেন। শুটিংয়ের সময় তার সহকর্মী ও নির্মাতারাও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতেন। নামাজের প্রয়োজন হলে বিরতি দেওয়া হতো। কখনো কখনো পরিচালকরা নিজেরাই তাকে বিরতির কথা মনে করিয়ে দিতেন। ভালো গল্প ও উপযুক্ত চরিত্রের প্রস্তাব পেলে আবার অভিনয়ে ফিরতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। তার মতে, বাংলাদেশের দর্শক তাকে অভিনয়ের মাধ্যমেই চেনেন, তাই ভালো কাজের সুযোগ এলে ক্যামেরার সামনে দাঁড়াতে তার আপত্তি নেই। হজ থেকে দেশে ফেরার পর ইতোমধ্যে দুটি বিজ্ঞাপনেও কাজ করেছেন হাসান মাসুদ। সেসব কাজের সময় তার চুল পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে না এলেও প্রযোজনা দল তা মেনে নিয়ে তাকে নিজের মতো কাজ করার সুযোগ দিয়েছে। তবে কোনো চরিত্রের প্রয়োজনে চুল কাটা বা শেভ করার প্রয়োজন হলে সেটিতেও আপত্তি নেই বলে জানিয়েছেন এই অভিনেতা। অর্থাৎ অভিনয় থেকে বিদায়ের ঘোষণা নয়, বরং উপযুক্ত কাজের অপেক্ষাতেই আপাতত নিয়মিত পর্দার বাইরে রয়েছেন তিনি।