প্রকাশ : ... | ... | ...

অভিনেতা খায়রুল বাসারের নিশানায় নাসীরুদ্দীন পাটওয়ারী, ‘বেয়াদব কমেডিয়ান’ আখ্যা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কিশোরগঞ্জে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে তার মন্তব্যের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন কিশোরগঞ্জের সন্তান ও জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে খায়রুল বাসার নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘বেয়াদব কমেডিয়ান’ আখ্যা দিয়ে তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি লেখেন, ‘ফজলুর রহমান কিশোরগঞ্জের অহংকার ও পরিচয়। কোনো বহিরাগত এসে এমন সম্মানিত অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে অপমান করবে, তা মেনে নেওয়া যায় না।’ অভিনেতা আরও লেখেন, ‘আমার জন্মস্থান কিশোরগঞ্জ। আমার মনে হয় না কিশোরগঞ্জের মানুষরা আর মানুষ আছে ! যদি মানুষ থাকতো তাহলে, কোনো ‘বেয়াদব কমেডিয়ান’ সেখানে গিয়ে দাঁত কেলিয়ে আবর্জনা ছিটিয়ে আসতে পারতো না। কিশোরগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্মানিত, কিশোরগঞ্জের বাপসম একজন, যার পরিচয় কিশোরগঞ্জের পরিচয় বলা চলে, সে মানুষটাকে কিশোরগঞ্জের কলঙ্ক বলে আসতে পারতো না। বলতে পারতো না এই কলঙ্ককে এখান থেকে মুছে ফেলতে হবে। বেয়াদবরা ভাবতেই পারে মানুষ কিছু বলে না; তাই যা খুশি বলে যাই! অত্যন্ত আন্তরিক অনুরোধ- অনেক হয়েছে এবার সংযত হওয়া উচিত। মুক্তিযোদ্ধা ফজুলুর রহমান কিশোরগঞ্জের অহঙ্কার , কিশোরগঞ্জের পরিচয়। তিনি কিশোরগঞ্জের কিংবদন্তী , বর্তমান কিশোরগঞ্জের কান্ডারী। কিশোরগঞ্জের সব ভদ্রলোক যদি মারা গিয়ে থাকে , আমি এই মাটির সন্তান হিসেবে বেয়াদবির নিন্দা এবং প্রতিবাদ জানালাম।’ তিনি একই সঙ্গে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকার এবং ভবিষ্যতে সংযত আচরণের আহ্বান জানান। এর আগে কিশোরগঞ্জের একটি সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী অ্যাডভোকেট ফজলুর রহমানকে ‘ফজু পাগলা’ এবং কিশোরগঞ্জের ‘কলঙ্ক’ হিসেবে উল্লেখ করে তার নাম মুছে ফেলার আহ্বান জানান। তার এই বক্তব্যের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খায়রুল বাসারের প্রতিবাদী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণের অনেকে অভিনেতার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।