| ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদ এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলায় গ্রেফতার তিন সন্দেহভাজনকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ। এখন সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদকে প্রত্যর্পণের জন্য সংযুক্ত আরব আমিরাতের কাছে এবং শরীফ ওসমান হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনকে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রয়োজনীয় সব নথি ও আইনি কাগজপত্র পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশই এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে। তিনি আরও জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বেনজির আহমেদকে গ্রেফতার করে। সালাহউদ্দিন আহমদের ভাষ্য অনুযায়ী, প্রত্যর্পণ প্রক্রিয়ার জন্য ৩০ দিনের সময় থাকলেও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় সব নথি জমা দেয়। হাদী হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের প্রত্যর্পণের জন্যও ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই তিনজন বর্তমানে ভারতে বিচারাধীন রয়েছেন। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ভারতে আইনি প্রক্রিয়া চলমান থাকলেও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে তাদের বাংলাদেশে হস্তান্তরের সুযোগ রয়েছে।