| ছবি: সংগৃহীত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের প্রায় পুরো কাজ শেষ হওয়ার পরও আরও ৯০২ কোটি টাকা ব্যয় বাড়ানোর উদ্যোগ নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হান্নান মাসউদ। রোববার (৩০ আগস্ট) সংসদ অধিবেশনে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন। হান্নান মাসউদ বলেন, প্রকল্পটির ৯৯ দশমিক ৯১ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি শূন্য দশমিক ০৯ শতাংশ কাজের জন্য সরকার নতুন করে ৯০২ কোটি টাকা ব্যয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রকল্পের ব্যয় বৃদ্ধির পটভূমি তুলে ধরে তিনি বলেন, ২০১৭ সালে শেখ হাসিনা সরকারের সময়ে তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার কোটি টাকা। পরবর্তী সময়ে কয়েক দফায় প্রকল্পের ব্যয় ও সময় বাড়িয়ে মোট ব্যয় ২১ হাজার ৩০০ কোটি টাকায় উন্নীত করা হয়। সংসদে হান্নান মাসউদ আরও বলেন, ২০২৬ সালের ২৬ জুলাই মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তরের তদন্তে প্রকল্পটিতে প্রায় ৪ হাজার ৪৬৯ কোটি ৯ লাখ ৩১ হাজার ৭৬৬ টাকার দুর্নীতি বা অনিয়মের তথ্য উঠে এসেছে। এ ঘটনায় তৃতীয় টার্মিনালের ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের সুপারিশও করা হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে ৯০২ কোটি টাকা বরাদ্দের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম, নতুন সরকার ক্ষমতায় এসে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করবে এবং প্রকল্পে সংঘটিত দুর্নীতি ও অনিয়ম থেকে রাষ্ট্রকে রক্ষা করবে। কিন্তু এই ক্ষেত্রে পুনরায় ৯০২ কোটি টাকা বরাদ্দ দিয়ে সরকার কি রাষ্ট্রের অর্থ ব্যয়ের পাশাপাশি ঠিকাদারকে আরও একবার অনিয়ম বা দুর্নীতির সুযোগ করে দিচ্ছে কি না—সেটিই আমার প্রশ্ন।’ প্রকল্পের বড় অংশের কাজ শেষ এবং অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত হওয়ার পরও কেন অতিরিক্ত ব্যয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে, সে বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানান এনসিপির এই সংসদ সদস্য।