প্রকাশ : ... | ... | ...

৫ আগস্ট উপলক্ষে নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও সাইবার পেট্রোলিং জোরদার


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্রবিরোধী চক্রের সম্ভাব্য তৎপরতা মোকাবিলায় প্রতিটি র‌্যাব ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়েছে এবং আগাম তথ্য সংগ্রহের জন্য সোর্স নিয়োগ করা হয়েছে। পাশাপাশি ৪ আগস্ট রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে সাত দিন আগে থেকেই কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। বাহিনীটি বলেছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা বদ্ধপরিকর।