প্রকাশ : ... | ... | ...

‘স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হতে সংসদে আসিনি’, সংসদে শফিকুর রহমান


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের পর তার বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করতে বলেছেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। উত্তেজনার সূত্রপাত হয় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর করা মন্তব্য থেকে। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্পিকার, এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি।’ এই মন্তব্যের পর সংসদে হট্টগোল শুরু হয়। বিরোধীদলের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। পরে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য ও সংসদে তার আচরণের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমার বক্তব্যে যদি এভাবে কমেন্টস করা হয়, তবে আমার বক্তব্য দেওয়ার দরকার নেই। নতুন করে এই শব্দগুলো উচ্চারণ শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।’ সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘উনি নিজেকে কী মনে করেন? আমরা তার ছাত্র হতে এখানে আসিনি। উনি শিক্ষক হলে ইউনিভার্সিটি খুলুন, সেখানে উনি বক্তব্য দিতে পারবেন।’ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সংসদের শুরু থেকেই অশোভন ও তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ আচরণের অভিযোগও করেন জামায়াতের আমির। ডা. শফিকুর রহমান বলেন, ‘তিনি শুরু থেকেই সংসদে অশোভন আচরণ করছেন। শুরু থেকেই তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দেন। এটা ফ্যাসিবাদের সংস্কৃতি।’ বক্তব্য এক্সপাঞ্জের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে দুঃখ প্রকাশের দাবি জানান বিরোধীদলীয় নেতা। দাবি পূরণ না হলে সংসদে বসে থাকার বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, উনাকে দুঃখ প্রকাশ করতে হবে। তাছাড়া অপমান নিয়ে আমাদের এখানে বসার প্রশ্ন উঠে না।’