| ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা আইন অনুযায়ী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর একজন সাবেক রাষ্ট্রপতির যেসব অধিকার ও সুবিধা প্রাপ্য, তার সবই তিনি পাবেন। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিনের নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) মাধ্যমে ছয় মাসের নিরাপত্তা ব্যবস্থার বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে। মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সংকটকালীন সময়ে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন এবং তা বিধি-বিধান অনুসারেই করেছেন। সে সময় সরকার রাষ্ট্রপতির সহযোগিতাও পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দায়িত্বে থাকাকালে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী বিশেষ সাংবিধানিক সুরক্ষা বা প্রিভিলেজ ভোগ করেন। এ কারণে দায়িত্ব পালনকালীন বিষয় নিয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুযোগ নেই। তবে দায়িত্বকাল বহির্ভূত কোনো বক্তব্য বা কর্মকাণ্ড নিয়ে নাগরিকরা মতামত প্রকাশ করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, মতপ্রকাশের স্বাধীনতা সবার রয়েছে, কিন্তু এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ সামনে আসেনি, যা সরকারের বিবেচনায় নেওয়ার মতো। এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগ উত্থাপন করা রাজনৈতিক দলগুলোর অধিকার রয়েছে। তবে সরকারের দৃষ্টিতে সেসব অভিযোগে এমন কোনো বিষয় পাওয়া যায়নি, যার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।