| ছবি: সংগৃহীত
কে প্রকৃত সাংবাদিক এবং কে নন—তা নির্ধারণে একটি যথাযথ ও গ্রহণযোগ্য কর্তৃপক্ষ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম সভা এবং নবগঠিত কমিটির প্রথম বৈঠকে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন এবং বিদ্যমান বিধি-বিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং অন্তর্ভুক্তিমূলক মনোভাব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো যেন সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়েও কমিটিকে সতর্ক থাকতে হবে। জহির উদ্দিন স্বপন বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তাই রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে সব নাগরিকের প্রতি সমান দায়িত্ববোধ নিয়ে কাজ করা প্রয়োজন। গণমাধ্যমকে বহুমতের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংবাদমাধ্যমে ভিন্নমত, ভিন্ন দৃষ্টিভঙ্গি ও নানা চিন্তার মানুষের সহাবস্থান নিশ্চিত করা জরুরি। তাই কোনো সংকীর্ণ বা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নয়, বরং সর্বাধিক মানুষের অংশগ্রহণ ও স্বার্থ বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। তিনি বলেন, কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়েই রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত দক্ষতার পরিচয় পাওয়া যায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ের সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক পরিস্থিতির পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে তথ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির নবগঠিত সদস্যরা উপস্থিত ছিলেন।