প্রকাশ : ... | ... | ...

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রেস সচিব সালেহ শিবলী জানান, গত পাঁচ মাসে নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের অগ্রগতি তুলে ধরাই এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য। তার ভাষ্য, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায় এবং এ বিষয়ে জনগণকে অবহিত করাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন। সেই লক্ষ্য বাস্তবায়নে এখন পর্যন্ত কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সংবাদ সম্মেলনে সেসব বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতির চিত্র এবং পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কেও সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরা হবে। উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।