| ছবি: সংগৃহীত
ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বেসরকারি খাতের প্রতিনিধিরা চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব দেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করে দেশের প্রতিটি বন্দরে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। মাহদী আমিন বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত হবে এবং বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে। বৈঠকে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে বেসরকারি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, বিদ্যমান সমস্যা, বিনিয়োগ পরিবেশ এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন এলাকাগুলোতে কীভাবে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় এবং বিদ্যমান জটিলতা কীভাবে কমানো যায়, সে বিষয়েও মতবিনিময় হয়। আলোচনায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নিয়ে নিজ নিজ মতামত তুলে ধরেন। ব্রিফিংয়ে মাহদী আমিন বলেন, বেসরকারি খাতের বিকাশে সরকার নীতিগত সহায়তা অব্যাহত রাখবে। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে বেসরকারি খাত সরকারের পূর্ণ নীতিগত সহায়তা পাবে। তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে একটি ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব বাজেট উপস্থাপন করেছে এবং সেই নীতিমালাগুলোর বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। মাহদী আমিনের মতে, বৈঠকে ব্যবসায়ীদের উত্থাপিত বিভিন্ন নীতিগত প্রস্তাবের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ধরনের আলোচনার লক্ষ্য ব্যবসা পরিচালনা সহজ করা, বিনিয়োগের প্রবৃদ্ধি বাড়ানো এবং দেশে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।