প্রকাশ : ... | ... | ...

শেখ হাসিনার প্রত্যর্পণ ও ওসমান হাদি হত্যা: ভারতীয় হাইকমিশনারকে যা বললেন তারেক রহমান


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনায় এসেছে। সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান। বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। এ সময় ঢাকায় দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন দীনেশ ত্রিবেদী। আলোচনায় বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসে। বাংলাদেশ প্রত্যাশা করছে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে—বৈঠকে এ বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পারস্পরিক সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর তিনি জোর দেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।